
যুদ্ধের সমাপ্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) বলেছে, যুদ্ধের সমাপ্তি তেহরানই নির্ধারণ করবে—ওয়াশিংটন নয়।
আজ মঙ্গলবার (১০ মার্চ) ইরানের বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল জাজিরা এমনটি জানায়।
আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলি মোহাম্মদ নায়িনি ট্রাম্পের মন্তব্যকে ‘মিথ্যাচার’ বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট লজ্জাজনক পরাজয়ের পর এখন কাল্পনিক ‘সামরিক সাফল্য’ দেখানোর চেষ্টা করছেন।
নায়িনি ঘোষণা করেন, ‘আমরাই এই যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করব।’
তিনি বলেন, ‘আমরা জানি যে আপনাদের গোলাবারুদ শেষ হতে চলেছে এবং আপনারা যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ খুঁজছেন। কেন আপনি মার্কিন জনগণের কাছে সত্য বলছেন না?
তিনি আরও বলেন, ‘ট্রাম্প চান না মার্কিনিরা জানুক যে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর সমস্ত অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা কমে গেছে বলে ট্রাম্প যে দাবি করেছেন, সেটিও অস্বীকার করেন নায়িনি। তিনি জানান, যুদ্ধের শুরুর দিকের তুলনায় এখন আরও বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে এবং এগুলোর ওয়ারহেডের ওজন এক টনেরও বেশি।
তিনি আরও যোগ করেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী এই অঞ্চল থেকে আগ্রাসনকারী এবং তাদের সহযোগীদের কাছে এক লিটার তেলও রপ্তানি করতে দেবে না।
তেল ও গ্যাসের দাম নিয়ন্ত্রণের জন্য তাদের (যুক্তরাষ্ট্র ও মিত্রদের) সব প্রচেষ্টা ‘সাময়িক এবং বৃথা’ প্রমাণিত হবে বলে তিনি মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যুদ্ধ ‘খুব শিগগির’ শেষ হবে বলে তিনি আশা করছেন। তবে একইসঙ্গে তিনি জ্বালানি সরবরাহ আটকে দেওয়ার বিষয়ে ইরানকে হুমকিও দিয়েছেন। গতকাল ফ্লোরিডায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন হুমকি দেন।
এর আগে ডোরালে ট্রাম্প তার গলফ ক্লাবে রিপাবলিকানদের এক সমাবেশে বলেন, ইরানে হামলা একটি ‘স্বল্পমেয়াদি অভিযান’। তবে তিনি জোর দিয়ে বলেন যে ‘শত্রু সম্পূর্ণ এবং চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত’ হামলা অব্যাহত থাকবে।
পূর্বকোণ/পিআর