
চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানায় আকাশ দাশ হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি মো. মহসিনকে (২০) গ্রেপ্তার করেছে র্যাব-৭। মো.মহসিন ওই এলাকার বাইন্নাপাড়ার মৃত কবির মিয়ার ছেলে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১১টার দিকে আকাশ হত্যাকাণ্ডের এজাহারভুক্ত পলাতক আসামি নাজমুল হুদাকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৭ জানিয়েছে, ২৬ ফেব্রুয়ারি রাতে পাহাড়তলী থানাধীন বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরি এলাকায় স্থানীয় সন্ত্রাসীরা প্রকাশ্যে আকাশ দাশ (২৬) নামের এক যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আকাশ দাশ দক্ষিণ কাট্টলী ধোপাপাড়া এলাকার বাসিন্দা বাবুল দাশের ছেলে। তিনি বিটাক এসটেক প্লাস্টিক ফ্যাক্টরিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা বাবুল দাশ পাহাড়তলী থানায় মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, আকাশ দাশ হত্যা মামলার আসামি মো.মহসিন নগরের হালিশহর থানা এলাকায় অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নগরীর হালিশহর থানাধীন বড়পোল এলাকায় অভিযান চালিয়ে পাঁচ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি মো. মহসিনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
পূর্বকেণ/পিআর