
রাতে কিশোররা অযাচিত ঘোরাঘুরি করলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
তিনি বলেন, ‘রাতে কিশোরদের রাস্তায় অযাচিত ঘোরাঘুরি বন্ধ করতে হবে। এখন রাতে রাস্তায় ঘুরলে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে- কেন ঘুরতেছে, কোথায় গিয়েছিল, কেন গিয়েছিল। এতে যদি কন্সটিটিউশনাল ভায়োলেশন (সংবিধান লঙ্ঘন) হয়, তাহলে সেটি আমরা পরে দেখব। এটি হতেই হবে। এর কোনো বিকল্প নাই।’
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা চাঁদপুরের কচুয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি জীবনে দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না, এটি আমার প্রমিজ (প্রতিজ্ঞা)।’
তিনি বলেন, ‘আমার এই প্রমিজের সঙ্গে যারা থাকতে পারবেন না, তারা দয়া করে এখান থেকে অন্যত্র বদলি হয়ে চলে যান। আর না হয় আমাকে বলবেন আমি ভালো জায়গা দেখে বদলি করে দেব। কিন্তু আমি এখানটাকে পবিত্র রাখব।’
চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ