
বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী বলেছেন, চলতি এপ্রিল মাস তো বটেই, আগামী দুই মাস দেশে জ্বালানি তেলের কোনও সংকট তৈরি হবে না। বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ডিজেল মজুত রয়েছে এক লাখ এক হাজার ৩৮৫ টন, অকটেন ৩১ হাজার ৮২১ টন, পেট্রোল ১৮ হাজার ২১১ টন এবং ফার্নেস অয়েল ৭৭ হাজার ৫৪৬ টন। এছাড়া, জেট ফুয়েল মজুত রয়েছে ১৮ হাজার ২২৩ টন।
এদিকে অভিযানের বিষয়ে তিনি জানান, ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সারা দেশে মোট ৯ হাজার ১১৬ অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৩ হাজার ৫১০ মামলা করা হয়। এ সময় মোট এক কোটি ৫৬ লাখ ৯ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। কারাদণ্ড দেওয়া হয়েছে ৪৫ জনকে।
অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে জানিয়ে তিনি বলেন, উদ্ধার করা জ্বালানির মধ্যে রয়েছে ডিজেল ৩ লাখ ৬৬ হাজার লিটার, অকটেন ৩৯ হাজার ৭৭৬ লিটার ও পেট্রোল ৮৭ হাজার ৯৫৯ লিটার।এছাড়া, সম্প্রতি চট্টগ্রাম থেকে ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়েছে। সবমিলিয়ে মোট উদ্ধার করা হয়েছে ৫ লাখ ৪২ হাজার ২৩৬ লিটার অবৈধ জ্বালানি তেল।
পূর্বকোণ/আরআর