
দীর্ঘ ১৭ বছরের দুঃশাসন ও ভয়ের পরিবেশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছেন রাঙ্গুনিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হুমাম কাদের চৌধুরী।
সম্প্রতি রাঙ্গুনিয়া আদর্শ পাইলট স্কুল মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী মহাসমাবেশে তিনি এই মন্তব্য করেন।
মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হুমাম কাদের চৌধুরী বলেন, গত ১৭ বছর রাঙ্গুনিয়ার মানুষ গুম, খুন ও মামলার ভয়ে পাহাড়ে-জঙ্গলে রাত কাটিয়েছে।
‘আয়না ঘর’-এ নিজের সাত মাসের বন্দিজীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, “লোহা পুড়িয়ে যেমন শক্ত হয়, তেমনি আয়না ঘরে আগুনের মতো অভিজ্ঞতা আমাকে আরও শক্তিশালী করে তুলেছে”।
তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, রাঙ্গুনিয়ার সকল সমস্যা নিরসন করে একটি আধুনিক রাঙ্গুনিয়া গড়ে তোলা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক কুতুবউদ্দিন বাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে হুমাম কাদের চৌধুরীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন, যার মধ্যে ছিলেন সালাউদ্দিন কাদের চৌধুরীর সহধর্মিণী ফরহাত কাদের চৌধুরী, হুমাম চৌধুরীর স্ত্রী সামানজার খান, বোন ফারজিন কাদের চৌধুরী এবং ভাই ফজলুল কাদের চৌধুরী ফাইয়াজ।
উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন অধ্যাপক মো. ইউনুস চৌধুরী, অধ্যাপক আজম খাঁন, আবু আহমেদ হাসনাতসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
পূর্বকোণ/সিজান/পারভেজ