চট্টগ্রাম শনিবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২৬

সন্দ্বীপে নির্বাচনবিরোধী পোস্টারিং

সন্দ্বীপে নিষিদ্ধ ছাত্রলীগের নির্বাচনবিরোধী পোস্টার

সন্দ্বীপ সংবাদদাতা

৭ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:০৬ অপরাহ্ণ

চট্টগ্রামের সন্দ্বীপে একটি বাড়ির সামনে থাকা বিএনপি ও জামায়াতের পোস্টার ছিঁড়ে সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের নির্বাচনবিরোধী পোস্টার লাগানোকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাউরিয়া ইউনিয়নের বাগলের গো এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা মান্নান নাবিল জানান, গতকাল দিবাগত রাত ২টার দিকে বাড়ির সামনে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে বাইরে বের হলেও কাউকে দেখা যায় নি। পরে ভোরে ফজরের নামাজের পর বাড়ির সামনে গিয়ে দেখা যায়, আগে টাঙানো বিএনপি ও জামায়াতের পোস্টারগুলো ছিঁড়ে ফেলা হয়েছে এবং তার জায়গায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নির্বাচনবিরোধী পোস্টার লাগানো হয়েছে।

পোস্টারে দেখা গেছে, সন্দ্বীপের সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম সাফির নাম ব্যবহার করা হয়েছে। তবে ওই পোস্টারগুলো কে বা কারা লাগিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ বিষয়টিকে পরিকল্পিত কর্মকাণ্ড বলে অভিযোগ তুললেও এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায় নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মংচিংনু মারমা বলেন, ‘ঘটনার বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন সামনে রেখে এলাকায় যাতে কোনো ধরনের উত্তেজনা না ছড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট