
কক্সবাজারের পেকুয়ায় অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনের খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে পেকুয়া উপজেলা প্রশাসন।
শনিবার( ১১ এপ্রিল) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় উজানটিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আতর আলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেশকিছু দিন ধরে উজানটিয়া ৬ নং ওয়ার্ডের আতর আলী পাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছিলো একটি সিন্ডিকেট। এতে করে ওই এলাকার বেড়িবাঁধে ভাঙনের সম্ভাবনা দেখা দেয়। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসলে পেকুয়া উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত মালামালগুলো জব্দ করেন।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম নুরুল আক্তার নিলয় বলেন, পেকুয়ার উজানটিয়ায় অবৈধ পন্থায় বালু উত্তোলনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। সেখান থেকে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত বেশকিছু মালমাল জব্দ করা হয়েছে। এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে।
পূর্বকোণ/সিজান/পারভেজ