রাঙামাটির বাঘাইছড়িতে সীমান্তে বিশেষ অভিযানে একটি চায়নিজ পিস্তল ৭.৬২ তাজা গুলিসহ দেশিও অস্ত্র উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) মধ্যরাতে উপজেলার দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন মারিশ্যা ২৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ। এ সময় আরও উপস্থিত ছিলে ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির চৌকস একটি দল।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান সীমান্ত দিয়ে বাঘাইছড়িতে প্রবেশ হতে পারে। সেই চালান আটকের জন্য দুর্গম জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয় বিজিবি। আনুমানিক রাত ১২টার পরে ৩-৪ জন সন্দেহভাজন ব্যক্তিকে জীপতলী ব্রিজ সংলগ্ন এলাকায় আসতে দেখে বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে।
এ সময় উক্ত ব্যক্তিরা দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
উদ্ধার অস্ত্র-সরঞ্জামাদির মধ্যে রয়েছে একটি চায়নিজ পিস্তল, ৯পিস ৭.৬২ তাজা গুলি, ও খোসা। দেশীয় একনলা বন্দুক ও ৭টি খালি খোসা, ২টি বড় ও ৩টি ছোট চায়নিজ চাপাতি, ২টি দেশীয় হাঁসুয়া, ১টি হাতুড়ি, ১টি গুলতি, ১৩টি মার্বেল।
এ বিষয়ে বিজিবির মারিশ্যা জোনের (২৭ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ জানান, এ চোরাচালানের গডফাদার ও এর পেছনে যারা ছড়িত তাদের খোজার চেষ্টা করছি। বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান ও অপরাধ দমনে সর্বদা তৎপর রয়েছে। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সাম্প্রতিক সময়ে দুষ্কৃতিকারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করায় বিজিবি গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
পূর্বকোণ/এএইচ






















