চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অভিযান চালিয়ে ২টি একনলা বন্দুকসহ একটি সিএনজি অটোরিকশা উদ্ধার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। তবে এ সময় সিএনজি চালকসহ ৩ জন পালিয়ে গেছে।
শুক্রবার ( ১০ এপ্রিল) রাতে পদুয়া ফকিরটিলা এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট পরিচালনা করে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে পদুয়া ফকিরটিলা এলাকায় একটি সিএনজি অটোরিকশাকে থামানোর জন্য নির্দেশ দিলে গাড়িতে থাকা ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশের একটি সড়ক দিয়ে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে তারা সিএনজি ফেলে পাহাড়ি এলাকায় অন্ধকারে নেমে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া সিএনজি অটোরিকশাতে তল্লাশি করে ২টি একনলা বন্দুক ও সিএনজিটি জব্দ করেন।
স্থানীয়দের মাধ্যমে সিএনজির চালককে শনাক্ত করা হয়েছে। তার নাম মো. মিনহাজ (৩২)। সে পদুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ফকিরটিলা এলাকার পিতা মৃত বাচা আহাম্মদের ছেলে।
বর্তমানে সিএনজি চালকসহ অজ্ঞাতনামা আরও ২ জন আসামি পলাতক রয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এবিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হিলাল উদ্দীন আহমেদ পূর্বকোণকে জানান, পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পূর্বকোণ/পিআর






















