চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

প্রাণের উৎসবে মেতেছে শিক্ষক-শিক্ষার্থীরা

উৎসবমুখর আয়োজনে সিআইইউ’তে নববর্ষ উদযাপন

বিজ্ঞপ্তি

১৬ এপ্রিল, ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)-তে উৎসবমুখর আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে ‘বৈশাখী উৎসব ১৪৩৩’। নগরীর জামাল খানস্থ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজিত এ উৎসব বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও আনন্দের এক বর্ণাঢ্য বহিঃপ্রকাশ। সিআইইউ কালচারাল ক্লাবের উদ্যোগে আয়োজিত এ উৎসবের সূচনা হয় বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার মাধ্যমে। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হয়ে চিটাগং প্রেস ক্লাব ও চেরাগীর মোড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে সমবেত হয়। প্রাণের উৎসবে অংশ নিয়েই প্রাণ ফিরেছে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। উৎসবকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে আঁকা হয় দৃষ্টিনন্দন আলপনা এবং বর্ণিল সাজসজ্জায় সেজে ওঠে পুরো প্রাঙ্গণ। শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। পাশাপাশি বসে বিভিন্ন আকর্ষণীয় স্টল, যেখানে ঐতিহ্যবাহী খাবার, হস্তশিল্প ও নান্দনিক সামগ্রীর সমাহার দর্শনার্থীদের মুগ্ধ করে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম নুরুল আবসার স্টলসমূহ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিআইইউ কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রারসহ শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ।
দুপুরের পর বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থী অমিয় ও শর্মীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন সুকন্যা, ইশমাম, পুস্পিতা,অমিয়, পায়েল, লরাইন, রীমা, ওনাইসা, অর্পন, মুন্না, রিয়া ও স্নেহাসহ অনেকে।
অনুষ্ঠানে সেরা খাদক প্রতিযোগিতা সবার নজর কাড়ে। এবারের সেরা খাদক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় আইন বিভাগের ছাত্র তামজিদ আফ্রিদি। সর্বাধিক বিক্রয়, মানসম্পন্ন খাবার উপস্থাপন ও দর্শক বিচারে সেরা স্টলের পুরস্কার পায় ‘হাইলে বুঝিবা, ন হাইলে পস্তাইবা’।
সিআইইউ কালচারাল ক্লাবের আহ্বায়ক ড. রোবাকা শামসের বলেন, বৈশাখ মানেই উৎসবের আমেজ। এ ধরনের আয়োজনের মাধ্যমে সিআইইউ বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। -বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট