চট্টগ্রাম রবিবার, ১২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রাউজানে অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে অভিযান, ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজানে অবৈধ মজুত ও অনিয়মের বিরুদ্ধে অভিযান, ১৮ প্রতিষ্ঠানকে জরিমানা

রাউজান সংবাদদাতা

১২ এপ্রিল, ২০২৬ | ৯:৫৯ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে বাজার মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, ফুটপাত দখলসহ বিভিন্ন অনিয়মের দায়ে ১৮টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ রবিবার (১২ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিএসটিআই ও পুলিশের সহায়তায় রাউজান পৌরসভার বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানটি পৌরসভার ফকির হাট, মুন্সিরঘাটা, জলিল নগর ও গহিরা এলাকায় পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংচিং মারমা।

 

অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান এবং সেনাবাহিনীর লেফটেন্যান্ট মুহাম্মদ তাহমিদুল হক জিসান।

 

জানা গেছে, মুন্সিরঘাটা এলাকায় একটি ভোজ্য তেলের গোডাউনে অবৈধ মজুতের অপরাধে ২০ হাজার টাকা, জলিল নগর থানা সড়কের আলম স্টোরে সিলিন্ডার গ্যাস ক্রয়-বিক্রয়ের রসিদ দেখাতে না পারায় ৩ হাজার টাকা এবং গহিরা চৌমুহনী এলাকার একটি বেকারি ও মিষ্টি তৈরির কারখানা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও মূল্য তালিকা না টাঙানো ও মেয়াদ উর্ত্তীণ মালামাল রাখার অপরাধে বিভিন্ন প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা ও মালামাল জব্দ করা হয়।

 

পাশাপাশি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ফুটপাত দখল করে পণ্য রাখায় ৯টি প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ফুটপাত দখল করে গড়ে ওঠা ১৫-২০টি অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ করা হয়।

 

এ বিষয়ে র‌্যাব-৭ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ভোজ্য তেলের অবৈধ মজুদ রোধ এবং বাজার স্থিতিশীল রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে এই মনিটরিং কার্যক্রম।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি অংচিং মারমা বলেন, জনগণের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে এই যৌথ অভিযান চালানো হয়েছে। যেখানেই অনিয়ম পাওয়া গেছে, সেখানেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

অভিযানে বিএসটিআই-এর মেট্রোলজি পরীক্ষক মুহাম্মদ রাশেদ ও ফিল্ড অফিসার মুহাম্মদ হাসিবুল হাসান উপস্থিত ছিলেন ।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট