
দীর্ঘ পথ চলতে গিয়ে গাড়ি চালকের চোখে তন্দ্রা এলেই জাগিয়ে দিবে ‘চশমা’। এতে রক্ষা পাবে জানমালের। প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনার খবরে এমন এক প্রযুক্তির চশমা তৈরি করেছে ক্ষুদে দুই বিজ্ঞানী।
চট্টগ্রামের বোয়ালখালীতে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় সারোয়াতলী পূর্ণচন্দ্র সেন উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা এই উদ্ভাবনী প্রজেক্ট তুলে ধরে স্টলে।
রবিবার (১২ এপ্রিল) ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসন এ মেলার আয়োজন করে। মেলায় ১৯টি স্টলে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করে।
শিক্ষার্থী কাঞ্চি চৌধুরী ও নূরে আজরা জানায়, চশমাটি তৈরি করতে এক হাজার টাকা খরচ পড়বে। ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি সিস্টেমে’ তৈরি এ চশমা চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ার দুই সেকেন্ডের মধ্যে জাগিয়ে দিবে। এরপরও যদি চালক না জাগে তাহলে গাড়ির গতি কমিয়ে অটোমেটিক ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।
আজগর আলী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী সৃজন চৌধুরী এবার প্রজেক্ট প্রদর্শন করে ‘এগ্রো নোভা’। যা দিয়ে কৃষক তার জমিতে সেচের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারবে। একই প্রজেক্ট দিয়ে জানা যাবে ফসলের গুণগত মান।
সৃজন চৌধুরী জানায়, ফসলের ক্ষেতে মাত্রা অতিরিক্ত সেচ দেওয়ায় ভূ-গর্ভের পানি অপচয় হয়। এতে আবার বাড়ে কৃষকের সেচ খরচ। এ প্রজেক্টটির মাধ্যমে কৃষক মূহুর্তে মধ্যে জানতে পারবেন তার ক্ষেতের আর্দ্রতা। ফলে সেচে প্রয়োজনীয়তা সম্পর্কে ধারণা পেলেই কমবে সেচ খরচ। একই সাথে ফসল ভালো আছে নাকি নষ্ট হয়ে পড়ছে তাও জানা যাবে এই প্রজেক্ট দিয়ে। খুব সহজেই শনাক্ত করা যাবে মিথেন, কার্বনডাইঅক্সাইড ও এমোনিয়া গ্যাস।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম বলেন,‘উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ প্রতিপাদ্য নিয়ে এবারের আয়োজন। বিজ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী আইডিয়াগুলো দেশের কল্যাণে কাজে লাগবে।
সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা বলেন, ‘স্টলগুলোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্টগুলো এক কথায় অসাধারণ। তারা দেশের সমস্যা সম্ভাবনাকে নিয়ে ভাবছে। শিক্ষার্থীদের নব নব উদ্ভাবনী চেতনা সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক।’
রবিবার (১২ এপ্রিল) সকাল ৯ টায় দিনব্যাপী এ মেলার উদ্বোধন করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক। এইদিন ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
পূর্বকোণ/পিআর