চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাতের অপপ্রয়াস: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৬ ফেব্রুয়ারি, ২০২৬ | ১২:৫৬ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস। সেই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা সবার দায়িত্ব। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির এই নির্মম হত্যাকাণ্ড আমাদের জাতির ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছে।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেনানিবাসের মাল্টি পারপাস হলে পিলখানা হত্যাকাণ্ড ও শহীদ দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।

 

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা উপদেষ্টা, সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন।
শহীদ পরিবারের সদস্যরাও এতে অংশগ্রহণ করেন।

 

তিনি বলেন, শুধু জনপ্রতিনিধি নয়, সেনা পরিবারের সদস্য হিসেবে আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দেশে ফেরার পরপরই শহীদদের কবরের পাশে দাঁড়িয়ে অনুভব করেছি, গত ১৭ বছর বিচারের জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন শহীদ পরিবারের সদস্যরা।

 

তিনি বলেন, এই ঘটনায় জাতীয় নিরাপত্তার দুর্বলতা ফুটে উঠে। ঘটনার দীর্ঘ ১৭ বছর পর শহীদদের স্মৃতিবিজড়িত এই প্রাঙ্গণে আজ আমার কণ্ঠ ভারী হয়ে আসছে।

 

প্রধানমন্ত্রী বলেন, আমাদের সীমান্তরক্ষী বাহিনীর শিকড় আমাদের স্বাধীনতার ইতিহাসে প্রোথিত। ১৯৭১ সালের যেদিন চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেদিন সেনাবাহিনীর সঙ্গে তদানীন্তন ইপিআরের সদস্যরা বেতারকেন্দ্রে দায়িত্বে নিয়োজিত থেকে গৌরবময় ইতিহাসের সাক্ষী হয়েছেন।

 

মহান মুক্তিযুদ্ধের সূচনালগ্ন থেকে সেনাবাহিনীর সঙ্গে অবিস্মরণীয় অবদান রেখে চলেছেন। পরবর্তীকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সীমান্তরক্ষী বাহিনীকে সুসংহত করতে বিশেষ গুরুত্বারোপ করে অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় সংস্কার কাজ শুরু করেন।

 

তারেক রহমান বলেন, সেনাবাহিনী থেকে যোগ্য ও মেধাবী অফিসারদের প্রেষণে প্রেরণের সংখ্যা বৃদ্ধি করা হয়। ১৯৭৮ সালে এই বাহিনীর ইতিহাসে সবচেয়ে বড় ঘটনা হলো সামরিক কায়দায় নতুন করে পুনর্গঠিত হওয়া। পূর্বের উইংগুলোকে পরিবর্তন করে ব্যাটালিয়নে রূপান্তর করা হয়।

 

প্রধানমন্ত্রী পিলখানার শহীদ, মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, নব্বইয়ের গণআন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে শাহাদাতবরণকারী ছাত্র-জনতাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট