চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

সর্বশেষ:

কোনো অবস্থায় মাঠ ছাড়ব না: জামায়াত

অনলাইন ডেস্ক

১১ ফেব্রুয়ারি, ২০২৬ | ৯:৫৫ অপরাহ্ণ

কোনো অবস্থাতেই জামায়াতে ইসলামী মাঠ ছাড়বে না বলে জানিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেছেন, ‘কোনো অবস্থায় আমরা (জামায়াত) মাঠ ছাড়ব না, জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের প্রতিরোধ করে একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেব। আপনাদের (গণমাধ্যমের) সহযোগিতা লাগবে।’

 

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ শেষে আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে সাংবাদিকদের এ কথা বলেন এহসানুল মাহবুব।

 

বিকেল চারটার দিকে জামায়াতের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের একটি প্রতিনিধিদল সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তারা দেশের বিভিন্ন স্থানে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলা, ঠাকুরগাঁওয়ে জামায়াত নেতা আটক, পুলিশের বডি ওর্ন ক্যামেরা বিতরণে কম-বেশি হওয়া, ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনসহ বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ তুলে ধরেন।

 

বৈঠক শেষে সাংবাদিকদের এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা জনগণকে সাথে নিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব প্রতিটা সেন্টারে। প্রতিরোধ হবে, গণপ্রতিরোধ হবে। যে জাতি ২০২৪ সালের ৫ আগস্ট সন্ত্রাসীদের এবং ফ্যাসিবাদকে তাড়িয়েছে, দেশ মুক্ত হয়েছে, সেই দেশ আবার মাথা নত করবে না, কেউ পার পাবেন না, আমরা জনগণকে সাথে নিয়েই তা প্রতিরোধ করব।’

 

বৈঠক শেষে জামায়াতের এই নেতা সাংবাদিকদের বলেন, দেশের বিভিন্ন স্থানে তাঁদের নেতা-কর্মীদের ওপর হামলা, নির্বাচনী কার্যালয়ে হামলা হচ্ছে, ভোটকেন্দ্রে পুলিশের বডি ওর্ন ক্যামেরা কম-বেশি হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর ভূমিকা দেখতে চায় জামায়াত। নয়তো দেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

 

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে দাবি করে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এগুলো কি কাকতালীয়, না একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, সেটি প্রশ্নের বিষয়। নাটক সাজানো হচ্ছে, ব্রিফিং করা হচ্ছে, পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। অতীতেও এ ধরনের ঘটনা ঘটেছে। তাঁরা আশা করেন যে কেউ এ ধরনের অন্যায় ও অন্যায্য পদক্ষেপ গ্রহণ করবেন না।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট