
রাজধানীর শাহবাগ এলাকায় পুলিশ ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শহিদ শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে তারা কর্মসূচি পালন করছিলেন। একপর্যায়ে পুলিশ তাদের সরে যেতে বললে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এর আগে জাতিসংঘের অধীনে শহিদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় সংগঠনটির সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস আম্মারসহ অনেক আন্দোলনকারী আহত হয়েছেন।
জানা যায়, জুমার নামাজের পর শাহবাগে আন্দোলনকারীরা জমায়েত হয়ে যমুনা অভিমুখে যাচ্ছিলেন। পথে পুলিশের ব্যারিকেড ভেঙে তারা সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে।
সংগঠনটি নিশ্চিত করেছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করা হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবিলা করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সমানে থেকে ইনকিলাব মঞ্চের প্রায় ৪০ জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে এসেছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ