কক্সবাজারের টেকনাফে একটি পিস্তলসহ মোহাম্মদ হামিদ (৩৯) নামে সিএনজি অটোরিকশার চালককে আটক করেছে বিজিবি। মোহাম্মদ হামিদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল গ্রামের বাসিন্দা আবদুল জব্বারের ছেলে।
বুধবার (২২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টায় হোয়াইক্যং এলাকায় অস্থায়ী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।
উখিয়া-৬৪ বিজিবর অধিনায়ক লে. কর্ণেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, হ্নীলা থেকে কক্সবাজারগামী একটি সিএনজি অটোরিকশা চেকপোস্টে পৌঁছালে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন। চালক সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা কৌশলে গাড়িটি থামান। পরে তল্লাশি চালিয়ে চালকের আসনের ভেতর থেকে একটি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চালক মোহাম্মদ হামিদকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক হামিদ এক রোহিঙ্গার কাছ থেকে অস্ত্রটি সংগ্রহ করে উখিয়ার পালংখালী এলাকায় পৌঁছে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল বলে স্বীকার করেছে। আটক হামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/পিআর





















