চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বাঁশখালী সংবাদদাতা

২২ এপ্রিল, ২০২৬ | ১১:৩১ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্য হাতির আক্রমণে মো. শাহ আলম (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

 

রবিবার থেকে নিখোঁজ থাকার তিন দিন পর আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে পূর্ব পুঁইছড়ি পাহাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

নিহত শাহ আলম পুঁইছড়ি ইউনিয়নের সায়ারে পাড়া ৩ নং ওয়ার্ডের মৃত মো. এজাহার মিয়ার ছেলে।

 

পুলিশ ও বন বিভাগ সূত্রে জানা গেছে, গত রবিবার সকালে শাহ আলম নিজের ধানক্ষেত পাহারা দিতে বাড়ি থেকে বের হন। তিনি রাতেও বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা দুই দিন ধরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুর ১টার দিকে স্থানীয় কৃষকরা পাহাড়ি এলাকার একটি ধানক্ষেতে শাহ আলমের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ ও বন বিভাগে খবর দেন

 

মরদেহ উদ্ধারের বিষয়ে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। উদ্ধারের সময় নিহতের মাথা দেহ থেকে বিচ্ছিন্ন অবস্থায় ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বন্য হাতির আক্রমণেই তার মৃত্যু হয়েছে।

 

পুঁইছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্য বিটের কর্মকর্তা মো. কামরুল হাসানও ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। এই ঘটনায় বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট