মিরসরাইয়ে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ এবং সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।মিরসরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন।
অভিযান চলাকালে দেখা যায়, মিরসরাইয়ের কয়েকটি পেট্রোল পাম্প সাধারণ গ্রাহকদের তেল না দিয়ে কৃত্রিম সংকট তৈরি করছে এবং অর্থনৈতিক অঞ্চলের বিভিন্ন দোকানে তা অতিরিক্ত মূল্যে বিক্রি করছে। এনএসআই-এর মাধ্যমে পাওয়া এই তথ্যের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালত দুটি প্রতিষ্ঠানকে দণ্ড প্রদান করে। এর মধ্যে অর্থনৈতিক অঞ্চলের জাহাঙ্গীর বলির মার্কেটের মেসার্স এ.এস অয়েল এজেন্সি এবং সিপির মোড়ে অবস্থিত মিরসরাই অয়েল এজেন্সি-কে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান দুটিকে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন কাদের জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী সারাদেশে জ্বালানি চোরাকারবারী নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি প্রদান করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ





















