চট্টগ্রামের রাউজান উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় মোহাম্মদ আজগর (৫৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহীও আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১১টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের হাফেজ বজলুর রহমান সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজগর স্থানীয় হাজীপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড় মৌলানা শাহ (রাহ.) মাজারের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাউজান থানা পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/পিআর





















