চট্টগ্রাম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

মিরসরাইয়ে অর্ধলক্ষ দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বলী খেলা

মিরসরাইয়ে অর্ধলক্ষ দর্শকের উপস্থিতিতে ঐতিহ্যবাহী বলী খেলা

মিরসরাই সংবাদদাতা

২১ এপ্রিল, ২০২৬ | ১০:৫৩ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রাম-বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখতে বর্ণাঢ্য বলি খেলা অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া এলাকার বিস্তীর্ণ মাঠে সুফিয়া রোড বটতল যুব সমাজের উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়।

 

ঐতিহ্যবাহী এই বলি খেলা দেখতে দুপুর থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খেলাপ্রেমী মানুষের ঢল নামে। আয়োজকদের মতে, দূর-দূরান্ত থেকে আসা প্রায় অর্ধলক্ষ দর্শকের উপস্থিতিতে মাঠ ও এর আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের সরব উপস্থিতি উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

মাঠের মাঝখানে যখন দুই বলি একে অপরকে পরাস্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছিলেন, তখন দর্শকদের করতালিতে মুখরিত হয়ে উঠছিল পুরো এলাকা। এই প্রতিযোগিতায় মিরসরাই ছাড়াও নোয়াখালী, সোনাগাজী, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার অর্ধশতাধিক বলী অংশ নেন। প্রতিযোগীরা ছোট, মাঝারি ও বড়—এই তিন বিভাগে তাদের শক্তি, সাহস ও কৌশলের লড়াই প্রদর্শন করেন।

 

আয়োজক কমিটির প্রতিনিধি তারেকুল ইসলাম ও মো. মহিউদ্দিন জানান, খেলায় বিজয়ীদের জন্য মোট ৪৫টি পুরস্কারের ব্যবস্থা করা হয়েছিল। এর মধ্যে প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ওয়ালটন ফ্রিজ। অন্যান্য পুরস্কারের মধ্যে ছিল টিভি, বাইসাইকেল, সিলিং ফ্যান ও গ্যাসের চুলাসহ বিভিন্ন সামগ্রী।

 

দীর্ঘদিন ধরে বলী খেলায় অংশ নেওয়া স্বপন বলী বলেন, খেলাটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং আগামী বছর সুযোগ পেলে তিনি আবারও অংশ নিতে চান। আরেক প্রতিযোগী কামরুল বলী দীর্ঘদিন পর এমন ঐতিহ্যবাহী খেলায় ফেরার সুযোগ পেয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন।

 

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক এম কামরুল হাসান, এবং আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট