চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে মো. দিদারুল আলম মাসুম (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (পশ্চিম) পুলিশ। পরে অপর এক আসামির এসময় বিদেশি রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৩টায় তাকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (২১ এপ্রিল) পলাতক এক আসামির ঘর থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সিএমপি কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মহানগর গোয়েন্দা পুলিশের (পশ্চিম) উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুব আলম খান এসব তথ্য জানান।
তিনি জানান, লালখান বাজার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য অস্ত্র নিয়ে কয়েকজন অবস্থান করছেন: এমন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান চালিয়ে দিদারুল আলম মাসুম নামেএকজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায়, এক মাস আগে সাহেদ প্রকাশ পিচ্চির (৩৫) কাছ থেকে এসব অস্ত্র ও গুলি সংগ্রহ করেছিল। পরে সেগুলো লুকিয়ে রাখার জন্য তার কাছে রেখে আসে।
গ্রেপ্তার আসামির দেয়া তথ্যমতে আজ সকালে লালখান বাজার এলাকার টাংকির পাহাড়স্থ এলাকার গাজী কালুর মাজারের পাশে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামি সাহেদ প্রকাশ পিচ্চি পালিয়ে যায়।
পরে তার ঘর থেকে একটি শপিং ব্যাগে লুকিয়ে রাখা একটি বিদেশি রিভলভার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার অস্ত্রের গায়ে ‘A.M IBRAHIMJI & SON, PESHAWAR & RAWALPINDI, লেখা রয়েছে। অস্ত্রটির পাশে ইংরেজিতে MADE IN PAKISTAN এবং অপর পাশে MARK IV 32 লেখা আছে। গ্রেপ্তার আসামি ও পলাতক আসামির বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর












