চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনে কাটা পড়ে মো. রফিকুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে উপজেলার বাড়বকুণ্ড রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম। রেল কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, রফিকুলের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলার করেরহাট এলাকায়। তিনি বাংলাদেশ রেলওয়েতে ওয়েম্যান হিসেবে কর্মরত ছিলেন।
সীতাকুণ্ডের বাড়বকুণ্ড রেলস্টেশনের মাস্টার রাজ কুমার রায় দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রফিকুলসহ কয়েকজন ওয়েম্যান রেললাইনের ছড়িয়ে-ছিটিয়ে পড়া পাথর ঠিক করার কাজ করছিলেন। এ সময় অসাবধানতাবশত রফিকুল নামের ওই ওয়েম্যান মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।’
সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রাশেদ রানা বলেন, লোকটি রেলওয়ের কর্মী ছিলেন। আজ সকালে রেললাইনে কাজ করার সময় এক সাথে দুটি লাইনে দুটি ট্রেন চলে আসে। তিনি ঢাকামুখী ট্রেনটি দেখে চট্টগ্রামমুখী ডাউন লাইনে চলে আসলে মেঘনা এক্সপ্রেসের নিচে চাপা পড়ে নিহত হন।
পূর্বকোণ/পিআর/এএইচ












