বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় মধ্যরাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘর, গরুর খামারসহ ৫টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন ৯নং ওয়ার্ডের ওয়াগয় পাড়া রোয়াংছড়ি পুরাতন বাস স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।
খামারি মোহাম্মদ জসিম উদ্দিনের গরুর খামার থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা। আগুনে ৩টি গবাদি পশু, ২টি ছাগল ও ২টি মোটরসাইকেল আগুনে পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- প্রিয় তঞ্চঙ্গ্যা, মুঞ্যজয় তঞ্চঙ্গ্যা, কল্যাণময় তঞ্চঙ্গ্যা, খামারি মোহাম্মদ জসিম উদ্দিন ও কাঁচা মালের ব্যবসায়ী মোহাম্মদ ইদ্রিস।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে সবাই ঘুমন্ত অবস্থায় ছিল। হঠাৎ আগুনের শব্দ শুনতে পান স্থানীয়রা। আগুন মুহূর্তের মধ্যেই চারিদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ততক্ষণে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণ করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস জানান, আগুনের সূত্রপাতের কারণ তদন্তের পর বলা যাবে। আজ মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সমগ্রী বিতরণ করেন নির্বাহী অফিসার তাজমিন আলম তুলি। এসময় উপস্থিত ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যাসহ আরও অনেকে।
পূর্বকোণ/পিআর












