চট্টগ্রাম মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

রহস্যজনক কারণে নীরব প্রশাসন

সীতাকুণ্ডে ট্রাকে ট্রাকে মাটি ফেলে চলছে শতবর্ষী পুকুর ভরাট

সৌমিত্র চক্রবর্তী ,সীতাকুণ্ড

২১ এপ্রিল, ২০২৬ | ১২:১৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে প্রকাশ্যে ভরাট হচ্ছে ‘বাধ্য পুকুর’ নামক একটি শতবর্তী পুকুর। দিন রাতে ট্রাকে ট্রাকে মাটি এনে প্রভাবশালী এক ব্যক্তির ছত্রছায়ায় বেশ কিছুদিন ধরে পুকুর ভরাট হলেও রহস্যজনক কারণে কোন পদক্ষেপ নিচ্ছে না প্রশাসন। উল্টো সবাইকে ম্যানেজ করে আমার পুকুর আমি ভরাট করছি বলে দম্ভোক্তি করছেন ভরাটকারী। যা উদ্বিগ্ন করে তুলেছে এলাকাবাসীকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ইসলামিক বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) এর মূল গেটের সামনে ডালাস পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শত বছরের পুরোনো একটি পুকুর ট্রাকে ট্রাকে মাটি ফেলে ভরাট করছেন রিজভী নামক এক ব্যক্তি।

এলাকাবাসীর অভিযোগ, এলাকার অসংখ্য মানুষ শত বছর ধরে ‘বাধ্য পুকুর’ নামক এই পুকুরটি ব্যবহার করে আসছিলো। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু কুচক্রী পুকুরে নামার রাস্তা বন্ধ করে দেয়ায় এটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ে। এলাকাবাসীর দাবি ছিলো পুকুরটি সংস্কার করা হোক। কিন্তু সম্প্রতি এলাকার প্রভাবশালী একটি মহল সংস্কার না করে উল্টো পুকুরটি অবৈধভাবে ভরাট করে এর উপর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার চেষ্টা করছেন। এ লক্ষ্যে প্রতিদিন ট্রাকে ট্রাকে মাটি এনে ফেলতে ফেলতে ইতিমধ্যে একটি বিশাল অংশ ভরাট করেছে তারা। কিন্তু আশ্চর্য্যরে বিষয় হচ্ছে প্রকাশ্যে ভরাট হলেও এ নিয়ে কারোরই যেন মাথা ব্যথা নেই।

সরেজমিনে গত রবিবার ঐ এলাকায় গেলে স্থানীয় বাসিন্দা মো. হান্নান, মো. আনোয়ার, রবিউল হোসেনসহ আরো অনেকে অভিযোগ করে বলেন, এলাকায় পুকুর খুব কম।  যে দুয়েকটি পুকুর আছে তাতে পানির স্তর দিন দিন কমছে। নতুন করে কোন পুকুরও খনন করা হচ্ছে না। এমনি সময়ে প্রত্যেকটি পুকুরের উপরে হাজারো পরিবার নির্ভরশীল। যেকোন সময় অগ্নিকাণ্ডে পানির প্রয়োজন, নিত্য প্রয়োজনে গোসল, পানি ব্যবহারসহ নানান কারণে এই পুকুরগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাছাড়া পরিবেশ আইনেও জলাশয় ভরাট নিষিদ্ধ বলে শুনেছি। পুকুরটি সংস্কার করা দরকার। কিন্তু বাস্তবে দেখছি উল্টো চিত্র। প্রকাশ্যে এত বড় একটি পুকুর ভরাট হয়ে গেলেও কারো কোন মাথা ব্যথা নেই।

 

এদিকে এ বিষয়ে কথা বলতে পুকুর ভরাটের সাথে জড়িত মোহাম্মদ রিজভীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, সবাইকে ম্যানেজ করেই আমি পুকুর ভরাট করছি। এই সবাই কারা জানতে চাইলে তিনি বলেন, সবাই বিএনপি নেতা।

 

এ বিষয়ে সীতাকুণ্ডের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, এই পুকুর ভরাটের বিষয়টি আমি অবগত ছিলাম না। আমি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট