চট্টগ্রামের ফটিকছড়িতে আবারো মব সৃষ্টি করে কোরবান আলী (২৬) নামে এক যুবককে বেধড়ক পিটুনি দিয়ে জখম করা হয়েছে। এই যেন মধ্যযুগীয় বর্বরতা। সোমবার (২০ এপ্রিল) রাতে উপজেলার পাইন্দং ইউনিয়নে এ ঘটনা ঘটে।
আহত কোরবান আলী উপজেলার পাইনদং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কচির মোহাম্মদ চৌধুরী বাড়ির বাদশা মিয়ার ছেলে। পেশায় একজন চা দোকানদার।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় চোর সন্দেহে মব সৃষ্টি করে পাইন্দং ইউনিয়নের শ্বেতকুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে কোরবান আলীকে দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক পেটানো হয়। এই সময় কোরবান আলীর চিৎকারে আকাশ বাতাস ভারি হলেও কেউ সামনে আসেনি। শেষ পর্যন্ত ফটিকছড়ি থানা পুলিশ খবর পেয়ে কোরবান আলীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন।
স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সম্পূর্ণ বিনা দোষে অসহায় একটি গরিব ছেলেকে নির্দয়ভাবে পেটানো হয়েছে। সিসিটিভির ফুটেজ দেখে সঠিক শনাক্ত না করে একজন যুবককে এভাবে মারধর করা কখনো উচিত হয়নি। আমি এই অন্যায়কারীদের শাস্তি দাবি জানাচ্ছি।
আহত কোরবান আলী বলেন, ‘আমাকে পূর্বশত্রুতার জের ধরে চোর বানিয়ে মব সৃষ্টি করে পেটানো হয়েছে। আমার পুরুষাঙ্গ হতে শুরু করে শরীরের সব জায়গায় আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। আমি এর বিচার চাই।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম জানান, এটি একটি সম্পূর্ণ অন্যায় কাজ। ছেলেটিকে নির্দয়ভাবে পেটানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়া একটি জঘন্য অপরাধ। পুলিশ আহত কোরবান আলীর চিকিৎসার ব্যবস্থা করেছে। এই ব্যাপারে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বকোণ/পিআর












