
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পরিবেশ দূষণকারী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৮ এপ্রিল) বিকালে উপজেলার জঙ্গল সরফভাটা মিরেরখিল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটাকে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং একটি স্থাপনা ধ্বংস করা হয়েছে।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবব্রত দাশ এই অভিযান পরিচালনা করেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, অভিযানে মেসার্স বিবিএম ব্রিকস (BBM) এর চিমনি ও কিলন গুড়িয়ে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানটিকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মেসার্স আল মক্কা ব্রিকস (AMB) কে আইন লঙ্ঘনের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তরের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া আদালত পরিচালনায় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ, আনসার এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
পূর্বকোণ/সিজান/পারভেজ