
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে চট্টগ্রাম উত্তর জেলায় ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ এপ্রিল) বিকাল ৪টায় হাটহাজারী ডাকবাংলো মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি আব্দুল জব্বার।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করতে শুরু থেকেই গণভোটের দাবি জানানো হয়েছিল এবং এ বিষয়ে বিএনপিও সম্মতি দিয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় এসে পূর্বের সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়ে গণভোট বাস্তবায়ন না করে তা বাতিলের কৌশল গ্রহণ করছে।
তিনি আরও বলেন, চার কোটি মানুষের দেওয়া গণরায় জুলাই অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের পক্ষে ছিল। এই গণরায়ের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত না হলে ছাত্র-জনতা আবারও রাজপথে নামতে বাধ্য হবে।
বিএনপির ঘোষিত ৩১ দফা সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংবিধান সংস্কার কমিশন গঠনের প্রতিশ্রুতি এখন আর বাস্তবায়িত হচ্ছে না, যা জনগণের প্রত্যাশার পরিপন্থী। এ সময় তিনি খালেদা জিয়ার নেতৃত্বে দেওয়া পূর্ব প্রতিশ্রুতির কথাও স্মরণ করিয়ে দেন।
চট্টগ্রাম উত্তর জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং হাটহাজারী উপজেলা সেক্রেটারি সাইফুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন—বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, খেলাফত মজলিস নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির, জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর আব্দুল মালেক চৌধুরী, রাউজান উপজেলা আমীর শাহজাহান মঞ্জু, জেলা সহকারী অফিস সেক্রেটারি এজাহারুল ইসলাম, হাটহাজারী উপজেলা নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, ফটিকছড়ি থানা সেক্রেটারি ইউসুফ বিন সিরাজ এবং রাউজান উপজেলা সেক্রেটারি রিদুয়ান শাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল হাটহাজারীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
পূর্বকোণ/কায়ছার/পারভেজ