চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

দুর্ঘটনা: সেই বুলডোজারই কেড়ে নিল প্রবাসী আহমদ হোসেনের প্রাণ

দুর্ঘটনা: সেই বুলডোজারই কেড়ে নিল প্রবাসী আহমদ হোসেনের প্রাণ

সাতকানিয়া সংবাদদাতা

৬ এপ্রিল, ২০২৬ | ৭:৫৯ অপরাহ্ণ

মরুর তপ্ত বালিতে দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে ঘাম ঝরিয়েছেন। দুটি চাকায় বুনেছিলেন পরিবারের সুখের স্বপ্ন, সেই বুলডোজারই শেষ পর্যন্ত কেড়ে নিল আহমদ হোসেনের প্রাণ। 

 

রবিবার (৫ এপ্রিল) সৌদি আরবের মদিনা শহরের চানাইয়া নামক স্থানে কাজ করার সময় ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।

 

জানা গেছে, তখন সৌদি আরবে রাত ১১টা, আর বাংলাদেশে ঘড়ির কাঁটায় সোমবার ভোর ৫টা। প্রতিদিনের মতো সেদিনও নিজের প্রিয় কর্মস্থলে বুলডোজার নিয়ে কাজে নেমেছিলেন আহমদ।

 

কাজের মাঝপথে হঠাৎ তার ব্যবহৃত বুলডোজারটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারাতে গিয়ে অসাবধানতাবশত বুলডোজারটির বিশাল চাকার নিচে পিষ্ট হন আহমদ। 

 

নিহত আহমদ হোসেন চট্টগ্রামের সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়নের আছারতলী গ্রামের মৃত সেনায়াত আলীর ছেলে। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে প্রবাস জীবনের হাড়ভাঙা খাটুনিতে আগলে রেখেছিলেন পরিবারকে।

 

এ বিষয়ে সোনাকানিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব মহিউদ্দীন বলেন, আহমদ হোসেনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

পূর্বকোণ/কায়ছার/পারভেজ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট