চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাউজানে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

রাউজান সংবাদদাতা

২৫ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ইফতারের পর জনাকীর্ণ বাজারে মো. মুজিব (৫৬) নামের এক যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত।

 

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে পূর্বগুজরা পুলিশ (তদন্ত) কেন্দ্রের আধা কিলোমিটারেরও কম দুরত্বে এই হত্যাকাণ্ডটি ঘটে।

 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, মুজিব যখন ফল ব্যবসায়ী মো. মফিজ সওদাগরের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন, তখন ৩-৪ জন অস্ত্রধারী যুবক এসে তাকে লক্ষ্য করে ৮-১০ রাউন্ড গুলি চালায়। মফিজ সওদাগর নিজেও অল্পের জন্য গুলিবিদ্ধ হওয়া থেকে রক্ষা পান। তিনি হামলাকারীদের ধরার চেষ্টা করলেও বাজারের অন্যান্যরা ভয়ে এগিয়ে আসেননি। গুরুতর আহত অবস্থায় মুজিবকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মো. হাবিবুর রহমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুজিবকে হাসপাতালে আনা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে। তার শরীরে তিনটি গুলির চিহ্ন পাওয়া গেছে।

 

নিহত মুজিব উপজেলার মধ্যম আধার মানিক এলাকার বাসিন্দা এবং ইউনিয়ন যুবদলের সক্রিয় সদস্য ছিলেন। তিনি এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিল। ব্যক্তিগত জীবনে তিনি দুই সন্তানের জনক এবং প্রবাস থেকে ফিরে বর্তমানে ঘটকালি (বিয়ে-শাদির ওকালতি) করে সংসার চালাতেন।

 

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, এলাকায় একটি প্রেম সংক্রান্ত ঘটনার জেরে এক তরুণকে মারধরের প্রতিবাদ করেছিলেন মুজিব। সেই তর্কের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট