চট্টগ্রাম সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

কক্সবাজারে চাঁদাবাজ ধরলেই পুরস্কার: নবনির্বাচিত এমপি কাজল

কক্সবাজারে চাঁদাবাজ ধরলেই পুরস্কার: নবনির্বাচিত এমপি কাজল

কক্সবাজার সংবাদদাতা

১৪ ফেব্রুয়ারি, ২০২৬ | ১০:২৮ অপরাহ্ণ

নির্বাচনী লড়াই শেষে এবার মাঠের শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে নেমেছেন কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল। তাঁর নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজির চেষ্টা করলে তাঁকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এমন সাহসী কাজের জন্য পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন এই নবনির্বাচিত জনপ্রতিনিধি।

 

সাফল্যের পরেই লুৎফুর রহমান কাজল স্পষ্ট জানিয়েছেন, জনগণের স্বস্তি ও নিরাপত্তাই তাঁর প্রধান অগ্রাধিকার।

 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, “আমার নির্বাচনী এলাকায় কেউ যদি চাঁদাবাজির চেষ্টা করে, তবে তাঁকে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন। এই সাহসিকতার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে।” তবে তিনি আইন নিজের হাতে তুলে না নিয়ে সরাসরি পুলিশকে জানানোর জন্য নাগরিকদের প্রতি অনুরোধ করেছেন।

 

নির্বাচন পরবর্তী সহিংসতা এড়াতে নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারি দিয়ে কাজল বলেন, “বিজয় মানে প্রতিপক্ষকে হেয় করা বা প্রতিহিংসা চরিতার্থ করা নয়। মহানুভবতা ও ইতিবাচক মনোভাব নিয়ে বিজয় উদযাপন করুন।” তিনি মনে করিয়ে দেন, সংসদ সদস্য হিসেবে এলাকার প্রতিটি নাগরিকের—তাঁরা যে দলেরই হোক না কেন—নিরাপত্তা নিশ্চিত করা তাঁর নৈতিক ও পবিত্র দায়িত্ব।

 

গণতান্ত্রিক সংস্কৃতিকে শক্তিশালী করতে সহনশীল আচরণের ওপর গুরুত্বারোপ করেছেন লুৎফুর রহমান কাজল। দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা প্রতিহিংসামূলক আচরণ বরদাশত করা হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন তিনি।

 

পূর্বকোণ/সিজান/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট