চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

টেকনাফে অনুপ্রবেশকারী ৫৩ বিদ্রোহী আটক

টেকনাফে অনুপ্রবেশকারী ৫৩ বিদ্রোহী আটক

টেকনাফ সংবাদদাতা

১১ জানুয়ারি, ২০২৬ | ৫:০৯ অপরাহ্ণ

টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে প্রচণ্ড গোলাগুলি চলাকালে সংঘাত থেকে বাঁচতে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৩ জন মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য ও একজন বাংলাদেশিকে আটক করেছে বিজিবি।

সীমান্তের একাধিক সূত্রে জানা যায়, হোয়াইক্যং সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি (আরসা), আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন (আরএসও) এবং নবী হোসেন বাহিনীর মধ্যে গোলাগুলি ও থেমে থেমে গুলিবর্ষণ চলছে। অন্যদিকে মিয়ানমার জান্তা বাহিনীও আরাকান আর্মির অবস্থানে বিমান হামলা ও বোমা হামলা চালাচ্ছে। গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ রবিবার সকাল পর্যন্ত দুপক্ষের ব্যাপক গুলিবিনিময়ে সীমান্ত এলাকা কেঁপে ওঠে।

মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া আরকান আর্মির (এএ) সঙ্গে টানা চার দিনের সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে। গুলিবিনিময় চলাকালে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের নিশানা করে কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে রোহিঙ্গা বিদ্রোহীরা পিছু হটলে আরকান আর্মি তাদের তাড়া করে বাংলাদেশ সীমান্ত ভূখণ্ডের কাছাকাছি এসে এলোপাতাড়ি গুলি চালায়। এতে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ গ্রামের জসিম উদ্দিনের মেয়ে হুজাইফা সুলতানা আফনান প্রকাশ পুতুনী (১০) গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে এমএসএফ হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয়েছে। আজ রবিবার বিকাল ৩টায় আহত শিশুর সাথে থাকা চাচা শওকত আলী সূত্রে পাওয়া খবরে জানা যায় গুলিবিদ্ধ হুজাইফা এখনো জীবিত আছে।

জসিম উদ্দিন বলেন, আমার হুজাইফা সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে আরকান আর্মি বেড়িবাঁধের ওপরে এসে এলোমেলো গুলি ছোড়ে। এতে আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ জন সদস্য পালিয়ে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তাদের মধ্যে তিন-চারজন গুলিবিদ্ধও রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

বিজিবি সূত্রে জানা গেছে, মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষ চলছে। প্রাণ বাঁচাতে ৫৩ জন সন্ত্রাসী ও তাদের সহায়তাকারী এক বাংলাদেশিকে অনুপ্রবেশের সময় আটক করে বিজিবি। পরে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট