চট্টগ্রাম মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

পাহাড়-সৈকত-নদী দখল: কক্সবাজারে 'বেলা'র ২৩ মামলা চলমান

পাহাড়-সৈকত-নদী দখল: কক্সবাজারে ‘বেলা’র ২৩ মামলা চলমান

কক্সবাজার প্রতিনিধি

৯ অক্টোবর, ২০২৫ | ৭:১৫ অপরাহ্ণ

পর্যটন শহর কক্সবাজারের পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় পাহাড় কাটা, সমুদ্রসৈকত ও নদী দখলের মতো গুরুতর অপরাধ রোধে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বর্তমানে ২৩টি মামলা পরিচালনা করছে। এই মামলাগুলো পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে সভায় জানানো হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শহরের একটি হোটেলে পরিবেশ ও প্রতিবেশ বিপর্যয় রোধে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়। সভাটির আয়োজন করে ‘বেলা’।

কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) চেয়ারম্যান সালাহ উদ্দিন। তিনি পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। কউক চেয়ারম্যান বলেন, পরিকল্পিত নগরায়ণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা এখন কক্সবাজারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বেলা’র ফিল্ড কো-অর্ডিনেটর মামুন খাঁনের সঞ্চালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) আপেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ পিয়ার, কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহমুদ পাশা, এবং জেলা প্রশাসকের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মির্জা মোহাম্মদ তাওসিফ শরীফ স্নিগ্ধসহ অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিনিধিরা।

মতবিনিময় সভায় জানানো হয়, বেলা কক্সবাজারের পরিবেশ সুরক্ষায় অত্যন্ত সক্রিয়। বিশেষ করে পাহাড় কেটে আবাসিক এলাকা নির্মাণ এবং সৈকত ও নদী দখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তারা মোট ২৩টি মামলা দায়ের করেছে, যা বর্তমানে বিচারিক প্রক্রিয়াধীন আছে।

 

বক্তারা উল্লেখ করেন, পর্যটন শিল্পের দ্রুত বিকাশের সঙ্গে সঙ্গে কক্সবাজারে পাহাড়, নদী ও সমুদ্র সৈকতের প্রতিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংস্থা, পরিবেশবাদী সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গ সভায় অংশ নিয়ে কার্যকর কৌশল নির্ধারণের গুরুত্ব তুলে ধরেন।

 

পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট