চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

সর্বশেষ:

কাপ্তাইয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাপ্তাইয়ে ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

কাপ্তাই সংবাদদাতা

৪ অক্টোবর, ২০২৫ | ১:১০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে ৬ দফা দাবি বাস্তবায়নে স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছে। শনিবার (৪ অক্টেবর) সকাল ৮টা হতে দুপুর ২টা পর্যন্ত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করা হয়।

 

বাংলাদেশ হেলথ্ এসিস্ট্যান্ট এসোসিয়েশন লিখিতভাবে জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণাধীন মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগ বিধি সংশোধন পূর্বক স্নাতক (বিজ্ঞান) সংযুক্ত করে ১৪তম গ্রেড প্রদান এবং ইনসার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নতকরণসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে ৬৪ জেলার ন্যায় কাপ্তাইয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

 

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশন কাপ্তাই শাখার সভাপতি সমীরণ তনচংগ্যা ও সাধারণ সম্পাদক সনজিত কুমার তনচংগ্যা জানান, মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরা এক লাখ বিশ হাজার অস্থায়ী টিকাদান কেন্দ্র ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন অস্থায়ী টিকাদান কেন্দ্রে ইপিআইয়ের মাধ্যমে শিশু ও মহিলাদের টিকা প্রদান করে থাকি। কিন্তু তাদের সমমর্যাদার বিভিন্ন দপ্তরে কর্মরত প্রাথমিক শিক্ষক, ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারি তহসিলদারগণসহ আরো অনেক দপ্তরের কর্মচারীরা নির্বাহী আদেশে কর্মরত গ্রেড থেকে উচ্চতর গ্রেডে আসীন হয়েছে। অথচ নিয়োগবিধি সংশোধন পূর্বক টেকনিক্যাল পদমর্যাদার দাবি/ইনসার্ভিস ট্রেনিং দীর্ঘদিন ধরে আশ্বাসের পর্যায়ে রয়েছে।

 

নিয়োগবিধি সংশোধন করে ইন সার্ভিস ট্রেনিংয়ের মাধ্যমে টেকনিক্যাল পদমর্যাদা এখন সময়ের দাবি। তাই স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক সুপারিশকৃত নিয়োগবিধি সংশোধনের প্রস্তাবনার চূড়ান্ত অনুমোদনের দাবি জানানো হয়। পূর্বের দাবি মেনে না নেওয়ায় ১ অক্টোবর হতে মাঠ পর্যায়ে সকল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এছাড়া ন্যায্য দাবি মানা না হলে ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি ও আন্দোলন পালন করা হবে বলে জানান। এসময় সকল স্বাস্থ্য সহকারীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট