বান্দরবানের থানচি উপজেলায় বিক্রির উদ্দেশ্যে সংগ্রহে রাখা এক ব্যক্তির কাছ উদ্ধার করা দুইটি রাজ ধনেশ পাখি ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজ ধনেশ পাখি দুইটির স্বাস্থ্য পরীক্ষা শেষে বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে বন কর্মকর্তার কার্যালয় থেকে গাড়িতে করে কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বান্দরবান বন বিভাগের কর্মকর্তারা জানান, গত ২ জুলাই দুর্গম রেমাক্রি ইউনিয়নে বিক্রির উদ্দেশ্যে সংগ্রহে রাখা এক ব্যক্তির কাছ থেকে দুইটি মুল্যবান রাজ ধনেশ পাখি উদ্ধার করে বনবিভাগ। পরে উদ্ধারকৃত পাখিগুলো আকারে ছোট হওয়ায় সেগুলোর স্বাস্থ্যরক্ষা ও লালন পালন শেষে ডুলাহাজারা সাফারি পার্কে পাঠানোর ব্যবস্থা করে বন বিভাগ। এর আগেও বিভিন্ন বন্যপ্রাণি উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে প্রেরণ করেছিল বান্দরবান বন বিভাগ।
এদিকে বন কর্মকর্তারা বলছে, পার্বত্য জেলা বান্দরবানের বন ও বন্যপ্রাণি রক্ষায় এই ধরণের কার্যক্রম নিয়মিত চলমান থাকবে।
বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান রাজ ধনেশ পাখি উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করে জানান, বান্দরবান বন বিভাগের কর্মচারীরা নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্য দিয়ে পার্বত্য জেলা বান্দরবানে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে।
বন কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান আরো জানান, বান্দরবানে খুব দ্রুত সময়ে সীমান্ত সড়ক নির্মাণ হবে আর এই সীমান্ত সড়ক নির্মাণের পাশাপাশি আমরা আমাদের বন ও বন্যপ্রাণিকে রক্ষা করতে নতুন আরও ৪টি অফিস স্থাপনের কাজ শুরু করবো আশা রাখছি। নতুন ৪টি অফিস স্থাপনের ফলে সীমান্ত এলাকার বন ও বন্যপ্রাণি অনেকটাই নিরাপদ থাকবে।
পূর্বকোণ/পিআর






















