রাঙামাটির লংগদু উপজেলার বগাচত্বর ইউনিয়নে মালবাহী ট্রলি উল্টে বিজয় চাকমা (২১) নামে হেল্পার নিহত হয়েছেন। এসময় চালক সাগর গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে খাগড়াছড়ি জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৭ মে) দিবাগত রাতে ইউনিয়নের কাঠালতলী হেলিপ্যাড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিজয় চাকমা ইউনিয়নের মাহিল্যা এলাকার গৌরাঙ্গ চাকমার ছেলে।
জানা গেছে, মালামাল বহনকারী একটি ছয় চাকার ট্রলি বগাচত্বর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড দিয়ে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের সহকারী বিজয় চাকমার মৃত্যু হয়।
লংগদু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স্বরজিৎ দেব জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর






















