চট্টগ্রামের সীতাকুণ্ডে পুকুরের পানিতে ডুবে নেহাল বিন নাজিম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে নিজাম উদ্দিনের ছেলে।
বুধবার (৭ মে) দুপুরে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের আলাকলিপুর এলাকার রমজানের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর চাচা মো. নাজিম জানান, দুপুরে ঘরের দরজার সামনে বসে খেলছিল তার ভাতিজা নাজিম। খেলার সময় সে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির পার্শ্ববর্তী পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে বাড়ির চারপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে তার মরদেহ পুকুরের পানিতে ভেসে উঠলে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর জানান, পানিতে ডুবে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মাধ্যমে তারা জানতে পেরেছেন। এ ব্যাপারে তারা খোঁজখবর নিচ্ছেন।
পূর্বকোণ/পিআর






















