টেকনাফে কোস্টগার্ড ও র্যাব যৌথভাবে পৃথক অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার ইয়াবা বোঝাই একটি মোটরসাইকেল এবং ৫০ লিটার দেশীয় মদ বোঝাই ইজিবাইকসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এইচএমএম হারুন-অর-রশীদ জানান, ৫ মে সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ কোস্ট গার্ড স্টেশন ও র্যাব-১৫ (সিপিসি-১) এর সমন্বয়ে উপজেলার হাবিরছড়া উত্তর লম্বরী এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ সময় ১ জন সন্দেহজনক মোটরসাইকেল আরোহীকে তল্লাশী করে বস্তার মধ্যে লুকায়িত অবস্থায় ১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল ইসলামকে (২০) গ্রেপ্তার করা হয়।
অপরদিকে একই সময় কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়ায় মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে সন্দেহভাজন ১টি ইজিবাইক তল্লাশী করে সিটের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৫০ লিটার দেশীয় মদ ও ইজিবাইকসহ মাদক কারবারি আব্দুল করিমকে (৩২) গ্রেপ্তার করা হয়। অভিযান চলাকালীন মাদক পাচারকারী লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পা কেটে যায়। আভিযানিক দল তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। বর্তমানে উক্ত মাদক পাচারকারী চিকিৎসাধীন রয়েছে। জব্দকৃত ইয়াবা, মোটর সাইকেল, ইজিবাইক ও সকল আলামতসহ গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পূর্বকোণ/কাশেম/পারভেজ






















