চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কে চট্টগ্রাম অভিমুখী মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি কাটা রাইফেল ও ৭ রাউন্ড কার্তুজসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
আটক ডাকাত মুহাম্মদ সোহেল (৪২) কক্সবাজার জেলার চকরিয়া বিএমচর বাহার্দ্দারকাটা এলাকার পুচ্ছলিয়া পাড়ার ফোরকান আহমদের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ডাকাতি করার উদ্দেশ্যে উক্ত ডাকাত মাইক্রো বাসযোগে লোহাগাড়ায় প্রবেশ করার সময় গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত এলাকায় একটি যাত্রীবাহী মাইক্রোবাসে তল্লাশি চালালে উক্ত ডাকাত কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করেন। ওই সময় তার কাছ থাকা দেশীয় তৈরি একটি কাটা রাইফেল, সাতটি তাজা কার্তুজ, ছুরি ও বল্লম উদ্ধার করা হয়েছে।
এ প্রসঙ্গে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে অস্ত্রসহ উক্ত ডাকাতকে আটক করেন। ডাকাত মুহাম্মদ সোহেল দুটি ডাকাতি মামলার ১৬৪ ধারার জবানবন্দির আসামি।
পূর্বকোণ/মনির/জেইউ/পারভেজ






















