বান্দরবানের লামার শিলেরতুয়া এলাকায় রিসোর্টে নিয়ে এক কিশোরীকে আটকে টাকা দাবির অভিযোগে মামলা করেছে ভিকটিমের পরিবার।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) ভিকটিমের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লামা থানায় মামলাটি দায়ের করেন।
এই ঘটনায় পুলিশ মুইংতং নামে ওই রিসোর্ট থেকে দুইজনকে গ্রেপ্তার করে।
তারা হলেন, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বমু বিলছড়ি ইউনিয়নের জসিম উদ্দিনের ছেলে মিফতা উদ্দিন মাহি ও লামা পৌরসভার শিলেরতুয়া এলাকার সাইদুর রহমানের ছেলে হাসান মাহমুদ।
ভিকটিম পরিবার অভিযোগ করেন- বুধবার তাদের মেয়ে লামা বাজারে কোচিং সেন্টারে পড়তে যায়। সেখান থেকে তাকে ফুসলিয়ে মুইংতং নামে রিসোর্টে নিয়ে যায়। সেখানে কথিত রিসোর্ট মালিকসহ কয়েকজন যুবক ভিকটিমকে মারধর করে আটকে রেখে অভিভাকদের কাছে টাকা দাবি করে। খবর পেয়ে পুলিশ গিয়ে ভিকটিম সহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, এই ঘটনায় মেয়ের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার নামীয় ৫ এবং অজ্ঞাতনামা ২ জন উল্লেখ করে মামলা করেন। পরে অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করা হয়। আজ গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/রফিক/আরআর/এএইচ






















