কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা হাতুড়ি দিয়ে পিটিয়ে এক যুবককে হত্যা করেছে। এ ঘটনায় বাদশাহ মিয়া নামে একজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
রবিবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উখিয়া উপজেলার পালংখালী হাকিমপাড়া ১৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ ব্লক ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানায় এ ঘটনা ঘটে।
নিহত রোহিঙ্গা যুবকের নাম হাবিজুল রহমান প্রকাশ চিকন আলী হারুন (৩২)। তিনি কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হাকিমপাড়া ১৪ ও ১৫ নম্বর ক্যাম্পের সীমানা এলাকায় আরসা সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা এক যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে।
তিনি বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থলে অভিযান চালিয়ে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
নিহত রোহিঙ্গার বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পূর্বকোণ/মানিক/জেইউ/পারভেজ






















