চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

ফিশিং ট্রলারসহ টেকনাফের ১২ জেলে অপহৃত
ফাইল ছবি

সেই কার্গো ১৬ দিন পর ছেড়ে দিয়েছে আরাকান আর্মি

টেকনাফ সংবাদদাত

১ ফেব্রুয়ারি, ২০২৫ | ৭:২৯ অপরাহ্ণ

টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট ১৬ দিন পর ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে পণ্যবাহী জাহাজটি টেকনাফ স্থলবন্দর ঘাটে এসে পৌঁছেছে। এর আগে ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজতে থাকা দুটি কার্গো বোট টেকনাফ স্থলবন্দরে পৌঁছেছে।

স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের ম্যানেজার সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ১৬ দিন ধরে আরাকান আর্মির হাতে আটক বোটটিও ছাড়া পেয়েছে। সেটি ঘাটে নোঙর করে আছে। এই বোটে ৩০ হাজার বস্তারও বেশি মালামাল রয়েছে। আমাদের কার্যক্রম শেষে, সেগুলো খালাস করা হবে।

তিনি আরও বলেন, এর আগে গত ২০ জানুয়ারি আরাকান আর্মির হেফাজত থেকে দুটি পণ্যবাহী জাহাজ মুক্তি পেয়েছিল। সে বোটগুলো মালামাল খালাস করে ইয়াংগুনে ফিরে গেছে।

স্থলবন্দরের ব্যবসায়ীরা বলছে, মিয়ানমারের ইয়াংগুন থেকে টেকনাফের ব্যবসায়ীদের পণ্য নিয়ে বাংলাদেশের উদ্দেশে রওনা দেওয়া তিনটি জাহাজ গত ১৬ জানুয়ারি দুপুরে নাফ নদীর মোহনার নাক্ষ্যংকদিয়া এলাকায় পৌঁছালে তল্লাশির নামে আটকে দেয় আরাকান আর্মি।

জাহাজগুলোয় টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী শওকত আলী, ওমর ফারুক, মো. আয়াছ, এমএ হাসেম, মো. ওমর ওয়াহিদ, আবদুর শুক্কুর সাদ্দামসহ কয়েকজন ব্যবসায়ীর আচার, শুঁটকি, সুপারি, কফিসহ ৫০ হাজার বস্তারও বেশি পণ্য ছিল।

পরে ২০ জানুয়ারি সাতুরু এবং এমবি হারিকিউলেছ নামে দুটি জাহাজ ফেরত আসে। তাতে ২৭ হাজার ৭২২ বস্তা মালামাল ছিল। কিন্ত আরেকটি জাহাজ এতোদিন আরাকান আর্মির হেফাজতে ছিল। সেটি শনিবার বন্দরে পৌঁছেছে।

এ বিষয়ে আমদানিকারক মোহাম্মদ উল্লাহ বলেন, আরাকান আর্মির হাত থেকে ১৬ দিন পর পণ্যবাহী কার্গো বোট ঘাটে পৌঁছেছে। তাতে আমাদের ১ হাজার ৬০০ বস্তা শুঁটকি রয়েছে। ফলে ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে।

টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী এহতেশামুল হক বাহাদুর বলেন, ১৬ দিন আটকা থাকা পণ্যবাহী জাহাজটি ঘাটে পৌছায় ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরেছে। তবে এসব পণ্যবাহী জাহাজ আটক করার পর ইয়াংগুন থেকে কোনো পণ্যবাহী জাহাজ আসেনি।

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ড পোর্টের মহাব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, ফিরে আসা জাহাজটিতে কি ধরনের পণ্য আছে তা এখনও জানা যায়নি। আগামীকাল বন্দরে কাস্টমস কর্তৃপক্ষ এলে এ বিষয়ে জানা যাবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, আরাকান আর্মি থেকে ছাড়া পেয়ে আরও একটি পণ্যবাহী কার্গো ঘাটে পৌঁছেছে।

পূর্বকোণ/কাশেম/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট