মিরসরাইয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় বিএনপি-যুবদলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন মিরসরাইয়ে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত কামরুলের কোনো অপকর্মের দায়ভার দল নেবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। যুবদলের সকল স্তরের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উল্লেখ্য, গত সোমবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলা সদরে বাণিজ্য মেলা এলাকায় বিএনপি-যুবদলের সংঘর্ষে পৌর ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহেদ হোসেন মুন্না নিহত হন।
এ ঘটনায় নিহত মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন বাদী হয়ে মামলা করেন। পুলিশ মিরসরাইয়ে পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান (৩৭), নাজমুস সাকিব মারুফ (২২), শাহ আলম (৪৭) ও আরমান (২৬) কে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।
পূর্বকোণ/পারভেজ






















