চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

হাটহাজারীতে বসতঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

হাটহাজারী সংবাদদাতা

১০ জানুয়ারি, ২০২৫ | ৯:০২ অপরাহ্ণ

হাটহাজারীতে মরিয়াম বেগম (২২) নামে দুই সন্তানের জননী এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নিহত মরিয়ম বেগম ওই এলাকার ছিদ্দিক আহমদ বাড়ির নূর উদ্দীনের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ছেনোয়ার হোসেন।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) দিবাগত রাত আড়াইটার দিকে হাটহাজারী পৌরসভার ২ নং ওয়ার্ডস্থ মৌলভী পাড়ার নূর উদ্দীনের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে উল্লেখিত এলাকার পাইপ ফিটার মিস্ত্রি নূর উদ্দীনের স্ত্রী মরিয়ম বেগম পরিবারের সকলের অগোচরে তার শয়নকক্ষের বিমের সাথে ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার চেচামেচি করে আশেপাশের লোকজনসহ ঝুলন্ত অবস্থা থেকে তাকে নামিয়ে ফেলেন।

 

খবর পেয়ে হাটহাজারী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের ছোট ভাই আবুল কালাম জানান, রাগের মাথায় আমার বোন এ ঘটনা ঘটিয়েছে। ছোটকাল থেকে সে একটু বেশি রাগী ছিলো। রাগের মাথায় আমার বোন নিজে আত্নহত্যা করে তার আবদুল্লাহ আল নোমান (৬) ও আদনান (৪) নামের দুই অবুজ দুই সন্তানকেও এতিম বানিয়ে গেলো।

 

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক ছেনোয়ার হোসেন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বিছানায় শুইয়ে রাখা অবস্থায় পেয়েছি। ওড়না পেঁছানো ঝুলন্ত অবস্থায় দেখে পরিবারের লোকজন তাকে দ্রুত নামিয়ে বাঁচানোর চেস্টা করেছে বলে জানিয়েছেন। লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন দেখা যায়নি।

 

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু কাওসার মাহমুদ হোসেন জানান, শুক্রবার ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আপাতত একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে আসল ঘটনা জানা যাবে বলেও জানান তিনি।

 

পূর্বকোণ/খোরশেদ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট