চট্টগ্রাম মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

রাঙ্গুনিয়া সংবাদদাতা

৯ জানুয়ারি, ২০২৫ | ২:৪৩ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কিরণ দে (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত কিরণ দে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা এলাকার অতুল দে’র ছেলে। তবে তিনি পরিবার নিয়ে পটিয়ার ধলঘাট এলাকায় থাকতেন। আহতরা হলেন- কিরণ দে’র স্ত্রী অঞ্জনা দে (৪৫), ছেলে অনিক দে (১৮), মেয়ে রুবি দে (৭) এবং সিএনজি অটোরিকশাচালক মো. তারেক (৩০)।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, কিরণ দে রাঙামাটিতে তার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। বৃহস্পতিবার সিএনজি ট্যাক্সিযোগে ফেরার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী ভূমি অফিসের কাছ এলে বিপরীত দিক থেকে আসা ইটবোঝাই একটি ট্রাকের সাথে ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্যাক্সিচালক ও চার যাত্রী গুরুতর আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, হাসপাতালে আনার পর কিরণ দে’কে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আহত তারেক, অঞ্জনা দে’কে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এছাড়া নিহতের সন্তান অনিক দে ও রুবি দে’কে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

 

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পরপরই পিকআপ ড্রাইভার পালিয়ে যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

 

পূর্বকোণ/মাহমুদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট