কক্সবাজারের চকরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে পিটুনিতে আহত আয়ুব উদ্দিন (২৪) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত্যুর বিষয়টি পরিবারের সদস্য ও পুলিশ নিশ্চিত করেছেন ।
আয়ুব উদ্দিন কৈযারবিল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে। সে ডুলাহাজারা কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেছিল।
স্থানীয়রা জানায়, গত ২২ নভেম্বর রাত ৮টার দিকে ওয়াহিদ নামে এক ব্যক্তি মোবাইলে আয়ুব উদ্দিন ও তার বন্ধু আবদুর রহমানকে ডিককূল এলাকায় ডেকে নিয়ে যায়। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মো. মনিরের নেতৃত্বে চার পাঁচজন যুবক লাঠিসোঁঠা নিয়ে ওয়াহিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আয়ুব ও তার বন্ধু আবদুর রহমান গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চমেক হাসপাতালে ভর্তি করে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের পিতা আনোয়ার হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, ‘আমার ছেলে ক্ষেতখামারে কাজ করে লেখাপড়ার পাশাপাশি পরিবারের খরচ মেটাতো। এখন থেকে আমি নিঃস্ব হয়ে গেলাম। আমার ছেলে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ভরণপোষণ ও পরিবারের খরচ কোথায় পাব।’
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইয়াছিন মিয়া বলেন, ‘হামলায় আহতের পর একটি অভিযোগ দায়ের করা হয়। পরে বিষয়টি সামাজিকভাবে সমাধানের কথা বলে বাদী থানায় আসেনি। নিহতের ঘটনায় এজাহার দিলে মামলা রুজু করা হবে।’
পূর্বকোণ/পিআর
















