চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক (৪৫) নামে এক হোটেলকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বাড়ককুণ্ড বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফটিক উপজেলার বাড়বকুণ্ড অনন্তপুর গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি হোটেলের কারিগর ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যা ৭টায় হোটেল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী দ্রুতগামী একটি এসি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ফটিকের একটি পা থেঁতলে গিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ১২টায় তিনি মারা যান।
ফটিকের এলাকার বাসিন্দা বাড়বকুণ্ড বাজারের ব্যবসায়ী নিরব মিয়া জানান, গাড়ির চাপায় ফটিকের বাম পা থেঁতলে যায়। রাস্তায় অনেকক্ষণ পড়ে থাকার পর স্থানীয়রা তাকে চমেক হাসপাতালে নেয়ার পর রাত ১২টায় তিনি মারা যান।
বারআউলিয়া হাইওয়ে থানায় ইনচার্জ খোকন চন্দ্র ঘোষ জানান, তারা কিছুক্ষণ আগে দুর্ঘটনার একজন নিহতের বিষয়ে নিশ্চিত হয়েছেন। তবে গাড়ি আটক করা যায়নি।
পূর্বকোণ/পিআর/এএইচ
















