চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

‘বয়োজ্যেষ্ঠদের ইন্টারনেট সুরক্ষা’ কর্মশালার আয়োজন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

১১ এপ্রিল, ২০২৬ | ২:০০ অপরাহ্ণ

রাজধানী উত্তরার মোজাফফর গার্ডেন সিটি আবাসিক কমপ্লেক্সে অনুষ্ঠিত হলো “ডিজিটাল সিটিজেনশিপ অ্যান্ড মিসইনফরমেশন অ্যাওয়ারনেস ট্রেইনিং ২০২৬” শীর্ষক সচেতনতামূলক কর্মশালা। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে মোজাফফর গার্ডেন সিটি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া এই কর্মশালায় ১৭ জন মধ্যবয়সী ও প্রবীণ ব্যক্তি অংশগ্রহণ করেন।

 

কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট হিসেবে এই কর্মশালার আয়োজন করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের ১৫ জন শিক্ষার্থী। কর্মশালাটি ৬টি মডিউলে ভাগ করে পরিচালনা করেন ৬ জন শিক্ষার্থী।

 

প্রথম মডিউলে অংশগ্রহণকারীদের ডিজিটাল সিটিজেনশিপ, ইন্টারনেট নিরাপত্তার বেসিক ধারণা এবং ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে অবহিত করা হয়। এছাড়া অনিরাপদ ইন্টারনেট ব্যবহারের ঝুঁকি, যেমন ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা, ভুয়া খবর ছড়ানো ও সাইবার বুলিং সম্পর্কেও আলোচনা করা হয়। বাংলাদেশে প্রচলিত প্রতারণার উদাহরণ হিসেবে লটারি জেতার মেসেজ এবং বিকাশ বা নগদের মতো ডিজিটাল লেনদেন প্লাটফর্মে প্রতারণার সম্ভাব্য ঝুঁকি তুলে ধরা হয়।

 

দ্বিতীয় মডিউলে পাসওয়ার্ড নিরাপত্তার গুরুত্ব ব্যাখ্যা করে শক্তিশালী পাসওয়ার্ড তৈরির নিয়ম শেখানো হয়, যেখানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, সংখ্যা ও চিহ্ন ব্যবহারের ওপর জোর দেওয়া হয় এবং তৃতীয় মডিউলে অ্যাকাউন্ট সুরক্ষার বিষয়গুলো তুলে ধরা হয়। যেমন- অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ না করা, সন্দেহজনক লিংকে ক্লিক না করা, ওটিপি গোপন রাখা এবং দুই স্তরের ভেরিফিকেশন চালু রাখা।

 

চতুর্থ মডিউলে ভুয়া অ্যাকাউন্ট চেনার কৌশল শেখানো হয়, যেখানে প্রোফাইল ছবি না থাকা, কম বন্ধু থাকা এবং সন্দেহজনক লিংক পাঠানোর মতো লক্ষণগুলো চিহ্নিত করা হয়। এছাড়া পঞ্চম মডিউলে সাইবার বুলিং সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং এর মোকাবিলায় করণীয় যেমন- উত্তর না দেওয়া, ব্লক করা, স্ক্রিনশট রাখা ও রিপোর্ট করার পরামর্শ দেওয়া হয়।
ষষ্ঠ ও শেষ মডিউলে অনলাইনে ভদ্র আচরণ, দায়িত্বশীলতা, তথ্য যাচাই, ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা এবং অন্যদের সহায়তা করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হয়।

 

কর্মশালায় উপস্থিত ছিলেন সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ বিভাগের সহযোগী অধ্যাপক ড. কাবিল খান যিনি একাডেমিক সুপারভাইজার হিসেবে শিক্ষার্থীদের কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট কার্যক্রমের দিকনির্দেশনা প্রদান করেন।

 

মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ মহসীন বলেন, ডিজিটাল প্লাটফর্মে সবার সুরক্ষা নিশ্চিত করা দরকার। একটি আবাসিক কমিউনিটির বয়োজ্যেষ্ঠদের জন্য এ ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়।

 

সাধারণ সম্পাদক এ এস এম আসাদুজ্জামান প্রামাণিক বলেন, বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি স্কুল কলেজ শিক্ষার্থীদের জন্য এই ধরনের কর্মশালা আয়োজন করা দরকার। তিনি হাতে-কলমে প্রশিক্ষণের উপর গুরুত্ব আরোপ করেন।

 

উল্লেখ্য, এই কর্মশালার পৃষ্ঠপোষকতা করে ব্রিটিশ কাউন্সিল, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) ও সহযোগী হিসেবে ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এবং কমিউনিটি পার্টনার হিসেবে ছিল মোজাফফর গার্ডেন সিটি ওনার্স অ্যাসোসিয়েশন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট