চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’

‘বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার ইতিহাস জামায়াতের নেই’

অনলাইন ডেস্ক

১১ নভেম্বর, ২০২৬ | ৯:২১ অপরাহ্ণ

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কোনো দেশের কোনো গোয়েন্দা সংস্থার সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতে ইসলামীর নেই। আমরা একটি রাজনৈতিক দল।
 
রাজনৈতিক প্রতিপক্ষ ও বন্ধুদের সঙ্গে বসব, কোনো এজেন্সির সঙ্গে বসার প্রশ্নই ওঠে না।
 
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ৩০০ বিধির বক্তব্যের পর দেওয়া প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, বরং যারা আমাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ করছেন, তারাই দেশে-বিদেশে বিভিন্ন এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন।
 
প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না।
ডা. শফিকুর রহমান বলেন, আমি উনার বক্তব্যের শেষ থেকে শুরু করতে চাই।
 
উনি শেষের দিকে এসে একটি আবেদন জানিয়েছেন। বলেছেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালে যেভাবে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল সেই ঐক্যের মাধ্যমে আগামীর বাংলাদেশকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেব। উনার এই অনুভূতির জন্য ধন্যবাদ।
 
তিনি বলেন, এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী ইঙ্গিতপূর্ণ কিছু কথা বলেছেন। তাকেও কোট করেছেন। বলেছেন, সীমান্তের ওপার থেকে সুরসুরি দেওয়া হচ্ছে। এ বিষয়ে একমত। তবে এমন কথাও রয়েছে যে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে একটি দলের বোঝাপড়া হয়েছে। এই সুরসুরির পেছনে ওই দলের কোনো সম্পর্ক আছে কি না সেটি পরিষ্কার করার আহ্বান জানান তিনি।
 
ডা. শফিকুর রহমান বলেন, যদি স্বরাষ্ট্রমন্ত্রী সরকারের নিয়োজিত জামায়াতবিষয়ক ২৪ ঘণ্টার সচিব মর্যাদার একজন ব্যক্তিকে ইঙ্গিত করে থাকেন তাহলে তাকে স্পষ্টভাবে বলতে চাই বিষয়টি আমরা চ্যালেঞ্জ করেছিলাম। বলেছিলাম, এর প্রমাণ উপস্থাপন করুন।
 
তিনি বলেন, বিষয়টি অন্যভাবে বলতে গেলে বলতে হয়, ঠাকুরঘরে কে রে আমি কলা খাই না। যারা এসব কথা বলছেন, ঠাকুরঘরে তারাই বসে আছেন। তারা আত্মগোপনে আছেন, বিষয়টি গোপনও নয়, প্রকাশ্য।
 
বর্তমান রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে জামায়াতের আমির বলেন, অত্যন্ত বিনয় ও শ্রদ্ধা রেখে বলতে চাই, বর্তমান রাষ্ট্রপতি মহোদয়ও প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা বলেছেন। তিনি বলেছেন, তোমাদের সব দরজা খুলে দেব তোমাদের সব মামলা তুলে নেব। আমরা তো এসব কথা বলিনি।
 
তিনি বলেন, আমাকে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। ১২ আগস্টের একটি সংবাদ সম্মেলনের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছেন। কিন্তু ওই ২২ মিনিটের বক্তব্যে একবারও স্বপ্নেও আমি আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। সেই ভিডিও এখনো আছে যে কেউ দেখে নিতে পারেন।
 
শফিকুর রহমান বলেন, একজন ব্যক্তি ২৪ ঘণ্টা আমাদের পেছনে খেদমত দিয়ে যাচ্ছেন। আমরা তাকে কোনো বেতন বা মজুরি দিতে পারছি না বলে দুঃখিত। তিনি সন্ধ্যায় একটি কথা বলেন, রাতে আরেকটি বলেন, পরদিন সকালে আরেকটি বলেন, দুপুরে আরেকটি বলেন। এভাবে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন।
 
তিনি বলেন, এ ধরনের একজন ব্যক্তিকে উদ্ধৃত করে যদি আমাদের ইঙ্গিত করা হয় যে আমরা কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে বসেছি তাহলে আজ এই ৩০০ সদস্য বন্ধুদের সঙ্গে বসব। এজেন্সির সঙ্গে বসার কোনো প্রশ্নই ওঠে না।
 
তিনি আরও বলেন, বরং আমাদের নামে যারা এসব অভিযোগ করছেন তারাই দেশে-বিদেশে এজেন্সির সঙ্গে বসেছেন। এজেন্সির দেশে গিয়ে তাদের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেছেন। প্রকাশ্যে বলেছেন, তাদের দলের অতীতের নীতি ভুল ছিল, ভবিষ্যতে আর সেই ভুল করবেন না। এগুলো তাদের প্রকাশ্য বক্তব্য। তাই মেহেরবানি করে আয়নায় নিজেদের চেহারা দেখাই উত্তম হবে।
 
মাদক নিয়ন্ত্রণ প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, মাদক নির্মূল হোক, এটা আমরা চাই। তবে এই সংসদে মাদক নিয়ন্ত্রণের কথা পাস হয়েছে। প্রশ্ন হচ্ছে, মাদক নিয়ন্ত্রণ করবে কারা? যারা নিজেরাই ধান খায়, তারা রক্ষা করবে কীভাবে?
 
তিনি বলেন, এই সংসদের একজন সিনিয়র সদস্য বলেছেন আগে ফ্যাসিস্টরা মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত, এখন তাদের দলের কিছু নেতা মাদক নিয়ন্ত্রণ করেন। এই বক্তব্য সংসদের একজন মাননীয় সদস্য দিয়েছেন।
 
জামায়াত আমির আরও বলেন, মাদক দেশের ভেতরে নিয়ন্ত্রণ করার আগে এর প্রবেশ বন্ধ করা দরকার। এই সংসদের আরেকজন সিনিয়র সদস্য বলেছেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির পাশ দিয়েই মাদকের সবচেয়ে বড় চালান যায়।
 
ডা. শফিকুর রহমান বলেন, বিরোধী দল এসব কথা বললে বলা হবে, বিরোধিতার খাতিরে বিরোধিতা করা হচ্ছে। তাই তিনি বিরোধী দলের পক্ষ থেকে কিছু না বলে সরকারি দলের সংসদ সদস্যদের বক্তব্যই তাদের সামনে তুলে ধরছেন।
 
বক্তব্যের শেষ দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানের প্রসঙ্গে ফিরে ডা. শফিকুর রহমান বলেন, এই জাতিকে আর ফ্যাসিবাদীদের যন্ত্রণায় ফেলে দেওয়া ঠিক হবে না। কার দুর্বলতায় কতটুকু তারা আশকারা পাচ্ছে, সেই বিচার জনগণের হাতে ছেড়ে দিতে হবে।
 
তিনি বলেন, ভবিষ্যতে সংসদে যেসব কথা বলা হবে, সেগুলোর ওপর যেন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়, সেটাই তারা দেখতে চাই।
 
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, আরেকটি অধিবেশনে তিনি বলেছিলেন, ৫২ বছরের রাজনৈতিক জীবনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠলেই শুনে আসছেন, অতীতের তুলনায় এখন পরিস্থিতির উন্নতি হচ্ছে।
 
তিনি বলেন, এই ভালো হতে হতে এখন আমেরিকাও হতে পারলাম না, ইংল্যান্ডও হতে পারলাম না। সেই বাংলাদেশই রয়ে গেলাম। আমরা বাংলাদেশই থাকতে চাই। অন্য কোনো দেশ হতে চাই না, অন্য কোনো দেশের অধীনতাও স্বীকার করতে চাই না। কারও আধিপত্যবাদ আমরা বরদাশত করব না। তবে বাংলাদেশটা বাংলাদেশের মতো বাংলাদেশ হোক।
 
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের একটি অংশের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, তিনি হাততালি চেয়েছিলেন। বলেছেন, হত্যাকাণ্ড ২২ থেকে ১২তে নেমে এসেছে। অন্তত এইটুকু উন্নতির জন্য বিরোধী দলের পক্ষ থেকে তাদের প্রশংসা করা দরকার।
 
তিনি বলেন, তারা হাততালি দেননি বলে তিনি একসঙ্গে তিনবার হাততালি দিয়েছেন। এক, দুই, তিন। তবে আগামীতে যতটা হাততালি তিনি চাইবেন, ততটাই দেওয়া হবে। সবাই মিলে হাততালি দেবেন, যদি হত্যাকাণ্ড শূন্যের কোঠায় নেমে আসে।
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট