চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

একচেটিয়া ভাড়া বৃদ্ধির দাবি না মানায় সরকারকে যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

একচেটিয়া ভাড়া বৃদ্ধির দাবি না মানায় সরকারকে যাত্রী কল্যাণ সমিতির অভিনন্দন

অনলাইন ডেস্ক

২৩ এপ্রিল, ২০২৬ | ৪:৩৩ অপরাহ্ণ

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস মালিকদের প্রস্তাবিত অযৌক্তিক ও একচেটিয়া ভাড়া বৃদ্ধির দাবির কাছে নতিস্বীকার না করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে বাস ভাড়া ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তের প্রেক্ষিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বার্তায় সরকারের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

 

যাত্রী কল্যাণ সমিতির বার্তায় বলা হয়, ডিজেলের মূল্য মাত্র একটাকা বাড়লেও নানানখাতে অযৌক্তিক হিসাব ধরে ভুয়া ব্যয় বিশ্লেষণ করে বাস মালিক সমিতি ৬৪ শতাংশ ভাড়া বৃদ্ধির নানাভাবে পায়তাঁরা করে সরকারকে চাপ দিতে থাকে। ২০২২ সালের আগস্টে ডিজেলের মূল্য একলাফে ৩৪ টাকা বৃদ্ধি করে ১১৪ টাকা করায় তখন বাস ভাড়া প্রতিকিলোমিটারে ৪০ পয়সা বা ২২ শতাংশ বৃদ্ধি করা হয়। সেই বর্ধিত ১১৪ টাকা লিটারের ডিজেলের মূল্য কয়েক দফায় কমতে কমতে ১০০ টাকা আসলে সরকার তিনদফায় ৮ পয়সা বাস ভাড়া কমালেও কোন বাসে কমানো ভাড়ার সুবিধা পাইনি দেশের যাত্রী সাধারণ। এই কমানো ভাড়া সুফল যাত্রীরা পাচ্ছে কিনা সরকারের পক্ষ থেকে কোন প্রকার তদারক ছিল না। এবার ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা করা হয় অর্থাৎ ১ টাকা বাড়ানোর কারণে সরকার ডিটিসিএ এলাকার বাসে ৪.৭৪ শতাংশ, দুরপাল্লার বাসে ৫.১৯ শতাংশ, ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর সিটি বাসে ৪.৪৫ শতাংশ ভাড়া বাড়ালেন। অতীতে সরকার বাস মালিকদের খুশি রাখতে নানান অজুহাতে দফায় দফায় ভাড়া বাড়িয়ে দিলেও বাস মালিকেরা সরকারের বেঁধে দেওয়া ভাড়ার কয়েকগুণ বেশি ভাড়া আদায় করে।

 

যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী সরকারকে সতর্ক করে বলেন, যেহেতু বাস ভাড়া নির্ধারণ কমিটি, আঞ্চলিক পরিবহন কমিটিসহ পরিবহন পরিচালনার সরকারি সবকটি কমিটি বাস মালিক সমিতি ও শ্রমিক ফেডারেশনের নিয়ন্ত্রণে সেহেতু, বাড়তি বাস ভাড়ার তালিকা তৈরিতে জালিয়াতি, বিভিন্ন রুটে কিলোমিটার বেশি দেখানো, গুরুত্বপূর্ণ উঠানামা পয়েন্টে স্টপেজ না দেখিয়ে সর্বশেষ গন্তব্যের ভাড়া আদায়ের নামে বাড়তি ভাড়া আদায়ের অপকৌশল নিতে পারে বাস মালিকেরা শঙ্কা প্রকাশ করে এমন অপকৌশল বন্ধের দাবি জানান। একই সাথে সিএনজিচালিত বাসে ডিজেল চালিত বাসের হারে বর্ধিত ভাড়া আদায় বন্ধ করার দাবি জানান তিনি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট