চট্টগ্রাম বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সর্বশেষ:

ঢাকার নতুন ডিসি ফরিদা খানম

অনলাইন ডেস্ক

২২ এপ্রিল, ২০২৬ | ৩:৫১ অপরাহ্ণ

ঢাকা জেলার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ফরিদা খানম। সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে জানানো হয়, বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালনরত ফরিদা খানমকে ঢাকার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা জেলার বিদায়ী জেলা প্রশাসক মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

ফরিদা খানম গোপালগঞ্জ সদর উপজেলার এক শিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম মো. মতিউর রহমান জাফরিন ছিলেন শিক্ষক ও ইসলামী চিন্তাবিদ এবং মা রিজিয়া বেগম গৃহিণী। তিনি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (১৯৯২) ও এইচএসসি (১৯৯৪) পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্য হিসেবে ২০০৬ সালের ২১ আগস্ট রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। চাকরি জীবনে রংপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, ফেনী ও নোয়াখালীসহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে একাধিক উপজেলায় দায়িত্ব পালন করেন এবং ফেনীর দাগনভূঞা ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাজ করেছেন। মাঠ প্রশাসনে নীতি বাস্তবায়ন, উন্নয়ন কার্যক্রম পরিচালনা ও তদারকির ক্ষেত্রে তার অভিজ্ঞতা রয়েছে।

এছাড়া প্রেষণে মহিলা বিষয়ক অধিদপ্তরে উপ-পরিচালক ম্যাজিস্ট্রেট, বাংলাদেশ ট্যারিফ কমিশনে উপপ্রধান এবং ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে উপপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

ফরিদা খানম ২০২৪ সালের ১৩ আগস্ট উপসচিব হিসেবে পদোন্নতি লাভ করেন (জ্যেষ্ঠতা ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি থেকে কার্যকর)। একই বছরের ৯ সেপ্টেম্বর তাকে চট্টগ্রাম জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং ১২ সেপ্টেম্বর তিনি সেখানে যোগদান করেন।

সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে দেশের গুরুত্বপূর্ণ প্রশাসনিক জেলা ঢাকা’র জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট